সালমান শাহর মৃত্যু ও সামিরার পক্ষ নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বন্ধু ডন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ১২:৪১ পিএম


সালমান শাহর মৃত্যু ও সামিরার পক্ষ নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বন্ধু ডন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর, নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

বছর পাঁচেক আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়, হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।

আরও পড়ুন

তার কিছু সময় পরে, অর্থাৎ চার বছর আগে, শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অফ হিউমার’-এ অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহের হত্যা রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যেই ডনের সেই পুরোনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় সে সময় ডনকে সরাসরি প্রশ্ন করেন, সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এক কথায় বললে।

জবাবে ডন প্রথমে এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ হিসেবে উল্লেখ করে সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন। তবে জয় সরাসরি উত্তর চাইলে ডন জানান, সালমান শাহের স্ত্রী সামিরা হকের তিনি কোনো দোষ দেখতে পাননি।

ডন বলেন, সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। তোমাকে আমি আবার বললাম।’ এরপর জয়ের প্রশ্ন, সামিরার কোনো দোষই ছিল না?-এর উত্তরে তিনি বলেন, আমি তো দেখতেছি না কোনো দোষ।

এরপর ডন জোর দিয়ে বলেন, সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো আপসেট এবং ফ্রাস্ট্রেটেড ছিলেন।

ডন বারবার সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার দিকে ইঙ্গিত করে বলেন, সালমান শাহ একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করবেন। ওকে আমি তো ছয়-সাত মাসের মধ্যে স্থিরতা দেখিনি। স্থিরভাবে কথা বলবে, বসে থাকবে, এরকম দেখিনি।

এদিকে, এই পুরোনো সাক্ষাৎকারটি বর্তমানে ভাইরাল হওয়ার পর ডনের বক্তব্যের অস্পষ্টতা এবং শারীরিক অভিব্যক্তি নেটিজেনদের মনে তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। মন্তব্য বাক্সে বহু দর্শক তাদের মতামত প্রকাশ করেছেন, যেখানে তারা ডনের কথায় জড়তা ও সন্দেহজনক ভঙ্গি লক্ষ্য করেছেন। 

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission